স্পোর্টস ডেস্ক: নাহিদ রানার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট দখলের ম্যাচে ১৯৮ রানে শেষ হয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা কিউইরা ৪৮.৪ ওভার পর্যন্ত টিকতে পারে।
আজ সোমবার ঢাকা মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হয়।
এদিন নিউজিল্যান্ড ইনিংসের শুরু থেকেই আক্রমণ চালান নাহিদ রানা। যদিও দলীয় অষ্টম ওভারে এসে প্রথম সফলতা পায় বাংলাদেশ। ১৩ রান করা হেনরি নিকোলসকে এলবি করে ফেরান ডানহাতি এই পেসার। তিন নম্বরে নামা উইল ইয়ংকেও তিনি মাঠ ছাড়া করান। মাঝে মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফ্ট ও জেডেন লিনক্সকে ফিরিয়ে পাঁচ উইকেটের মাইলফলক গড়েন তিনি।
অবশ্য কিউই ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি নেন শরিফুল ইসলাম। তিনি ওপেনার নিক কেলিকে ৮৩ রানে তাওহীদ হৃদয়ের ক্যাচে প্যাভিলিয়নে ফেরান তিনি। সফরকারীদের ইনিংসে সর্বোচ্চ রান করা কেলি ১০২ বলে ১৪টি চারে নিজের ইনিংস সাজান। তবে দলের অন্যদের কেউই আর ২০ রান করতে পারেননি।
বাংলাদেশ বোলারদের মধ্যে নাহিদ ছাড়া শরিফুল ২টি ও তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রিশাদ হোসেন ১টি করে উইকেট দখল করেন তারা।
দৈনিক অন্যধারাি/এইচ

