নিজস্ব প্রতিবেদক: ডেমরা স্টাফ-কোয়ার্টার যাত্রাবাড়ী ও গুলশান জোনের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী ব্র্যাক নার্সারির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ডেমরাস্থ হোটেল আলমের কনভেনশন হলে। প্রশিক্ষণে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ পঞ্চাশ জনের বেশি কৃষক/কৃষানী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
৩রা মে সকাল থেকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। এসময় পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,যাত্রাবাড়ী জোনে উপসহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম জাবেদ। ব্রাক নার্সারীর ডেমরা জোনের তামান্না ইয়াসমিন। ব্রাক নার্সারী গুলশান জোনের ম্যানেজার সোহানুর রহমান, কানিজ ফাতেমা ও মাহফুজা আহমেদ। ছাদ বাগান ও সমতল ভূমিতে স্বল্প জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ বাগান তৈরি, সঠিক পরিচর্যা, ফলন বর্ধন ও সময় উপযোগী কীটনাশক প্রয়োগের উপর গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কৃষকদের প্রশ্ন উত্তরের জবাব দেন কৃষি কর্মকর্তা।
বারিধারা এলাকার কৃষক সাইফুল ইসলাম বলেন, ব্র্যাক নার্সারি উদ্যোগে আজকের এই প্রশিক্ষণে আমরা পোকামাকড় দমনসহ নানা বিষয়ে নতুন নতুন অনেক তথ্য জানতে পেরেছেন। যা আমাদের কৃষি কাজে ভালো ফলনে ব্যাপক ভূমিকা রাখবে।
উত্তরখান এলাকার কৃষক আবুল কালাম বলেন, আমরা সবসময় না জেনে গাদার মতো খেটে কৃষি কাজ করে থাকি, কিন্তু ফলনের সময় দেখা যায় কাঙ্ক্ষিত ফলন আসে না। তখন আমরা হতাশ হয়ে কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিই। ব্র্যাক নার্সারি উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালায় এসে গাছের বিষয়ে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি, যা আমাদের ভবিষ্যতে কৃষিকাজে উপকারে আসবে।
দাসেরকান্দি ডেমরা এলাকার কৃষানী মরিয়ম আক্তার বলেন, শুধু পেঁপে চাষ নয় সকল ফল ও ফলজসহ কৃষি কাজে বিষয়ে প্রশিক্ষণে ব্র্যাক নার্সারির এই উদ্যোগ কৃষকদের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকরা সঠিক প্রদ্ধতিতে আরো অধিক চাষাবাদে আগ্রহী হবো। ছাদ বাগান ও সমতল ভূমিতে স্বল্প জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ বাগান তৈরি সঠিক পরিচর্যা ও ফসল ফলানোর উপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন। আয়োজকেরা জানান, চাষাবাদে রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক রাসায়নিক প্রয়োগ আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারির মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষক/কৃষানীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
দৈনিক অন্যধারা/এইচ

