স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ দূত আসন্ন বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি। একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে সম্পর্কের অবনতি মেরামতের চেষ্টা হিসেবেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশকে ঘিরে ট্রাম্পের মন্তব্যের জেরে এই সম্পর্কের টানাপোড়েন তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আজ।
মার্কিন বিশেষ দূত পাওলো জামপোল্লি জানিয়েছেন, তিনি ট্রাম্প এবং বিশ্ব ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে প্রস্তাব দিয়েছেন, বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নেওয়া হোক। ইতালীয় বংশোদ্ভূত হওয়ায় যুক্তরাষ্ট্রে আয়োজিত আসরে ইতালিকে দেখতে পারা তার স্বপ্ন বলেও জানান তিনি।
এ বিষয়ে এখনো হোয়াইট হাউস, বিশ্ব ফুটবল সংস্থা, ইতালির ফুটবল ফেডারেশন এবং এশীয় ফুটবল সংস্থা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এখনো। গত মার্চে বাছাইপর্বের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় ইতালি, যা ছিল এটাই বড় ধাক্কা।
অন্যদিকে, ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয়। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে তারা তাদের তিনটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোয় আয়োজনের অনুরোধ জানিয়েছে।
বিশ্ব ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, সূচি অনুযায়ীই সব ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে তিনি দলটিকে প্রস্তুতিতে সহায়তার আশ্বাস দিয়েছেন।
ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ আরো বলেছেন, ‘আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষের নির্দেশনার ওপর নির্ভর করবে।’
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, কোনো দল সরে দাঁড়ালে তার পরিবর্তে কোন দল সুযোগ পাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে বিশ্ব ফুটবল সংস্থার।
মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শুরু হবে ১১ জুন। ইরানের প্রথম ম্যাচ নির্ধারিত রয়েছে ১৫ জুন, যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
দৈনিক অন্যধারা/এইচ

