বিনোদন ডেস্ক: সিনেমা প্রযোজনার নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়। ব্যবসায়ী মিজানুর রহমানের করা এক প্রতারণা মামলায় গতকাল শনিবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার বাবার বিরুদ্ধে ওঠা এ অভিযোগ নিয়ে মুখ খুললেন পূজা চেরি। বর্তমান পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে নিজের অবস্থান তুলে ধরলেন পূজা।
আজ রোববার (২৬ এপ্রিল) সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে পূজা চেরি বলেন, ‘সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেপ্তার এবং আর্থিক লেনদেন-সংক্রান্ত অভিযোগে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি অসংখ্য ফোন কল এবং বার্তা পাচ্ছি অনেক। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।
ব্যক্তিগত ও পেশাগত স্বতন্ত্রতার প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।’
আর্থিক লেনদেন নিয়ে পূজা বলেন, ‘আমার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি আমি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সাথেও যুক্ত নই আমি।
সম্মান ও ব্যক্তিজীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি সবসময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নিবেন।
সবশেষে নায়িকা বলেন, ‘এই স্পর্শকাতর সময়ে অহেতুক আমাকে বা আমার কাজকে এই ঘটনার সাথে না জড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই।’
দৈনিক অন্যধারা/এইচ

